দুর্যোগে দুর্বার অ্যামেচার রেডিও অপারেটর
সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। কঠিন এই পরিস্থিতিতে সেখানে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। মোবাইল ফোনের নেটওয়ার্ক সচল রাখাও চ্যালেঞ্জের।
এই পরিস্থিতিতে সিলেটে বন্যার্তদের সহযোগিতায় বাংলাদেশের অ্যামেচার রেডিও অপারেটরদের কাজে লাগানোর জন্য বিটিআরসির কাছে বিনীত অনুরোধ জানাই।
দেশে এখন পাঁচ শতাধিক লাইসেন্সপ্রাপ্ত অ্যামেচার রেডিও অপারেটর রয়েছে। এদের সবার বেতার যন্ত্র রয়েছে। এক একটি বেতার যন্ত্র, এক একটি স্টেশন।
এসব বেতার যন্ত্র সচল রাখার জন্য বিদ্যুতের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের নবায়নযোগ্য জ্বালানি (সোলার, উইন্ড টারবাইন, ডায়নামো, হ্যান্ড ক্র্যাংক) ব্যবহার করেন রেডিও অপারেটরগণ।
তাই যেখানে বিদ্যুৎ নেই সেখানেও একটি রেডিও স্টেশন স্থাপন ও পরিচালনা করে টেলিযোগাযোগ সচল রাখতে সক্ষম রেডিও অপারেটরগণ।
বন্যার কারণে সিলেটে বিদ্যুৎ সরবরাহ তথা টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বাংলাদেশের অ্যামেচার রেডিও অপারেটরগণ তাদের রেডিও স্টেশনের মাধ্যমে টেলিযোগাযোগে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
এছাড়াও অ্যামেচার রেডিও অপারেটরদের বন্যার্তদের উদ্ধার, ত্রাণ সরবরাহসহ নানা কাজে যুক্ত করা যেতে পারে।